বরিশালের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার ওরফে পলাশ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এ হত্যাকাণ্ডের মামলায় ঢাকার একটি আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে মঈন আবদুল্লাহকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম আহম্মেদ তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ নম্বর গোলচত্বরে গুলিবিদ্ধ হন ফিরোজ তালুকদার ওরফে পলাশ। পরে মিরপুরের আলোক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফিরোজ রংপুর কেমিক্যাল লিমিটেডের কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী ২০২৪ সালের ২৫ আগস্ট হত্যা মামলা করেন। ওই মামলায় মঈন আবদুল্লাহকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, মঈন আবদুল্লাহকে ২০২৪ সালের ২৬ অক্টোবর প্রথম গ্রেফতার করা হয়। ওই দিন রাজধানীর গুলশান-২ এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।

