বরিশালে প্রথমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। রোববার (৪ অক্টোবর) বিকেলে নগরীর কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ ‘মোগো ২৭’ দলকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে শেরে বাংলা একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং উদ্বোধক ছিলেন বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। বিসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রূম্পা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, বরিশাল রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার এবং জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর রহমান মঞ্জুসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘বরিশাল প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে কোনো রকম আপস করবো না। আমাদের বর্তমান সরকার কোনোভাবেই মাদকের সঙ্গে আপস করবে না।’

তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’। সেই স্লোগানের সঙ্গে মিল রেখে বলতে চাই ‘সবার আগে বরিশাল’। সেটা আমরা প্রমাণ করে বরিশালবাসীকে দেখিয়ে দিতে চাই।”

তিনি বলেন, ‘তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন এই টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টে যেই ১৪টি দল বা ক্লাব রেজিস্ট্রেশন করেছে তাদের বলবো ‘হার-জিত’ থাকবেই। তারপরেও আমরা মনে করবো এই ১৪টি দলই চ্যাম্পিয়ন। কারণ আপনাদের অংশগ্রহণের মাধ্যমে বরিশালে আজকে প্রথমবারের মতো একটি ফুটবল টুর্নামেন্ট তাদের প্রাণ ফিরে পাবে, খেলোয়াড়রা মাঠে নিজেদের খেলা দেখাতে পারছে।’

এর আগে জাতীয় সংগীতের সুর ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে অতিথি ও ফুটবলাররা মাঠে নেমে বল কিক করার মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য, শনিবার রাতে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিসিসি প্রশাসক কাপ টুর্নামেন্টের আকর্ষণীয় ট্রফি ও অফিশিয়াল জার্সি উন্মোচন করেন বিসিসি প্রশাসক।