বরিশাল বিভাগে ডেঙ্গুর সংক্রমণের চিত্র বদলে গেছে। গত বছর বরগুনায় সংক্রমণ বেশি থাকলেও চলতি বছর সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে পিরোজপুর ও ঝালকাঠিতে। পরিত্যক্ত জলাশয়, ময়লা নর্দমা ও জমে থাকা পানিতে মশার প্রজনন বাড়লেও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগের ছয় জেলায় সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১১ হাজার ৬০০ জনের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে পিরোজপুরে ২ হাজার ৯৭০ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঝালকাঠি, সেখানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩৪ জন।
এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ১৮ জন। এর মধ্যে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠিতে একজন করে মারা গেছেন।
তবে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকেও আক্রান্তদের বড় একটি অংশ চিকিৎসা নিচ্ছেন। ফলে সরকারি হিসাবের বাইরে আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।
‘শেবাচিমে পা রাখার জায়গা নেই’
বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন নূরুল আমিন পিরোজপুরের মঠবাড়িয়া থেকে এসেছেন।
তার বাবা রুস্তম আলী বলেন, ছেলের জ্বর হলে প্রথমে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তার রক্তে প্লাটিলেট কমে গেছে। পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
তিনি বলেন, শের-ই-বাংলা মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখানকার পরিস্থিতি দেখে বেসরকারি হাসপাতালে ভর্তি করেছি। সেখানে পা রাখার জায়গা নেই।
কলাপাড়া থেকে আসা ডেঙ্গু আক্রান্ত রোগী খলিল বলেন, প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে বেড খালি না থাকায় এবং পরিবেশ-পরিস্থিতি ভালো না লাগায় এক দিন পর বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের সঙ্গে অন্য রোগীদের একই ওয়ার্ডে, এমনকি একই বেডেও রাখা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে মশারি ব্যবহার না করায় হাসপাতালে থাকা রোগীরাও মশার কামড়ের ঝুঁকিতে রয়েছেন।
মশক নিধনে বাড়ছে বাজেট, কমছে না আতঙ্ক
বরিশাল সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনে ব্যয়ও বাড়ছে। দুই বছরের ব্যবধানে কীটনাশক কেনার বাজেট বেড়েছে প্রায় ১ কোটি টাকা।
২০২৪-২৫ অর্থবছরে এ খাতে বাজেট ছিল ৩ কোটি ৪ লাখ ২১ হাজার ৬০০ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে হয় ৩ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৪৫০ টাকা। চলতি ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে রাখা হয়েছে ৪ কোটি টাকা।
তবে বাজেট বাড়ানোর পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
‘এক বেডের বিপরীতে থাকতে হয় ৪-৬ জনকে’
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মিডিয়া ফোকাল পার্সন ও আবাসিক সার্জন ডা. মাজহারুল রেজোয়ান রেজা বলেন, এখন ডেঙ্গুর মৌসুম। মশা নিধন করা না গেলে সংক্রমণ আরও বাড়তে পারে।
তিনি বলেন, নিজেরা সচেতন না হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। শেবাচিমে রোগীর চাপ অবশ্যই বেশি। এক বেডের বিপরীতে চার থেকে ছয়জনকেও থাকতে হয়।
রোগীর চাপ সামাল দিতে আলাদা ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। এ নিয়ে হাসপাতালের সভায় আলোচনা হয়েছে।
সচেতনতা ছাড়া নিয়ন্ত্রণ কঠিন
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রেফায়েতুল হায়দার বলেন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন সাড়ে ১১ হাজারের বেশি রোগী।
তিনি বলেন, সচেতনতা বৃদ্ধি ছাড়া ডেঙ্গু প্রতিরোধে শতভাগ সফলতা অর্জন সম্ভব নয়। সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে কাজ চলছে এবং হাসপাতালগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতে, শুধু মশক নিধনের বাজেট বাড়ানো কিংবা হাসপাতালে রোগী ব্যবস্থাপনার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাড়ি, ছাদ, নালা, পরিত্যক্ত জলাশয় ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমন্বিত মশক নিধন কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

