জাতীয় ছাত্রশক্তির ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. আবু সাঈদ (এম এ সাঈদ)।
ভোলা জেলার এই কৃতী সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী। তিনি ২০২২ সাল থেকে শিক্ষার্থীদের অধিকার ও মানবাধিকার রক্ষায় সক্রিয় সংগঠন ‘স্টুডেন্ট এগেইনস্ট টর্চার’ (SAT)-এর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পরবর্তী সময়ে ২০২৩ সালের অক্টোবর থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক গণতান্ত্রিক ছাত্রশক্তির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হন।
২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সময়ে দেশব্যাপী গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে তিনি রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং নিজ জেলা ভোলায় আন্দোলনকারীদের সংগঠিত করতে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন।
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক ও সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্রশক্তির নতুন কাঠামো গড়ে ওঠে। নতুন দায়িত্ব পাওয়ার পর মোঃ আবু সাঈদ জানান, বৃহত্তর বরিশাল বিভাগে সংগঠনের ভিত্তি শক্তিশালী করা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব তৈরি করা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে তৃণমূল পর্যায়ে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য।

