বরিশালে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক) এক শ্রমিক দল নেতার মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বরিশাল নগরীর রায় রোড এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নেতার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরদার (৪০)। তিনি বরিশাল সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি এবং সদর উপজেলার কাশিপুর এলাকার বাসিন্দা ছিলেন।
বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের ব্যক্তিগত প্রেস সেক্রেটারি এএসএমম রাসেল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রোববার দুপুরে শ্রমিক জমায়েত ও বিক্ষোভ মিছিল করে বরিশাল জেলা শ্রমিক দল। গণজমায়েতে অংশ নিতে দুপুরে কাশিপুর ইউনিয়ন থেকে নেতাকর্মীদের নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে আসেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সরদার। মিছিলটি বরিশাল নগরীর রায় রোড হয়ে সদর রোডের দিকে যাচ্ছিল।
এ সময় রায় রোড অতিক্রমকালে স্লোগান দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুর রাজ্জাক সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য, অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান খান শিরীন।
পৃথক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

