বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে শুক্রবার রাতে একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

শনিবার সকালে বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে বাজারে ছুটে আসে তার ছোট্ট মেয়ে। বাবাকে ওই অবস্থায় দেখে একটি দোকান থেকে চা ও রুটি কিনে আনে সে। এরপর নিজের হাতে বাবার মুখে খাবার তুলে দেয়। বাবা-মেয়ের এই দৃশ্য উপস্থিত মানুষের হৃদয় ছুঁয়ে যায়।

ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন স্থানীয় এক যুবক। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। ভিডিওতে শিশুটিকে বাবার মুখে রুটি তুলে দিতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা দেখে মেয়েটি তার কাছে ছুটে আসে। পরে খাবার এনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে শনিবার সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও বাজার কমিটি অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক জানান, চুরির অভিযোগে এক যুবককে স্থানীয়রা আটকে রেখেছেন—এমন খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন।