বরিশালে পরকীয়ার জেরে জেলা আইনজীবী সহকারী (মুহুরী) সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান হাওলাদার (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক স্ত্রী নাসিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানী ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা-পুলিশ।
এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আইচ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নাসিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। নাসিমা বেগম স্বামী নুরুজ্জামান হত্যা মামলার একমাত্র এজারভুক্ত আসামি। মঙ্গলবার দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বঘিয়া ইছাকাঠি কলোনির আহসান হাবিবের মালিকানাধির ভবনের তৃতীয় তলার বাইরে থেকে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে আইনজীবী সহকারীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার মাথায় আঘাত এবং রক্তাক্ত অবস্থায় ছিল।
এ ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন তার স্ত্রী নাসিমা বেগম। পরে ১৫ সেপ্টেম্বর নিহতের ভাই মো. কামরুজ্জামান ছায়েম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত স্ত্রী নাসিমা বেগম হত্যার দায় স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তার স্বামী নুরুজ্জামানের অন্য নারীদের সঙ্গে সম্পর্ক ছিল। এটা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। সেই রাগে ও ক্ষোভে রাতে মাথায় আঘাত এবং শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান তিনি৷ আসামি দায় স্বীকার করায় আদালতে তার রিমান্ড চাওয়া হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

