নাটকে বরিশালের আঞ্চলিক ভাষায় সাবলীল অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী অহনা রহমান। ‘বরিশাল টু ঢাকা’, ‘বরিশাইল্লা দেশি মানু’, ‘বরিশাইল্লা গেদু’সহ বেশ কিছু নাটকে বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে প্রশংসা পেয়েছেন তিনি।
বরিশালের আঞ্চলিক ভাষায় অহনার অভিনয় অনেকের কাছেই স্বাভাবিক মনে হলেও, এই ভাষা আয়ত্ত করার পেছনে রয়েছে একজন গুণী অভিনেতার বড় ভূমিকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অহনা রহমান নিজেই জানিয়েছেন, বরিশালের ভাষা এতটা ভালোভাবে বলতে পারার পেছনে মীর সাব্বিরের অবদান রয়েছে। তাকে শুধু বড় ভাই নয়, নিজের শিক্ষক হিসেবেও উল্লেখ করেছেন এই অভিনেত্রী।
অহনা লিখেছেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে, আমি এত ভালো বরিশালের ভাষা কী করে বলতে পারি? আমি এত সুন্দর বরিশালের ভাষা জানি বা বলতে পারি, তার পেছনে যে মানুষটির সবচেয়ে বড় ভূমিকা আছে, তার নাম মীর সাব্বির।’
মীর সাব্বিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অহনা আরও লিখেছেন, ‘সাব্বির ভাই, আপনি শুধু আমার বড় ভাই নন, আপনি আমার শিক্ষকও। ‘নোয়াশাল’-এর জন্য আজকে আমি অহনা রহমান একজন নাট্যঅভিনেত্রী। আমি আপনার প্রতি কৃতজ্ঞ ভাইয়া সারাজীবনের জন্য।’
বরিশালের আঞ্চলিক ভাষায় অহনা রহমানের অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বরিশাল টু ঢাকা’, ‘বরিশাল টু ঢাকা ২’, ‘বরিশাইল্লা দেশি মানু’, ‘বরিশাইল্লা গেদু’, ‘যেই লাউ সেই কদু’, ‘জামাই বাজার’, ‘ঢাকা টু বরিশাল’ ও ‘বরিশাইল্লাদের মন অনেক বড়’। এসব নাটকে তার সঙ্গে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, আরশ খানসহ অনেকে।

