পটুয়াখালীর বাউফল পৌরসভার পাবলিক মাঠ ও উপজেলা পরিষদের সামনের এলাকায় চারটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে বাউফল থানার অদূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক মিনিটের ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী আবু সায়েম জানান, তিনি দোকানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে দোকান থেকে বের হয়ে আসেন। পরে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয়দের ধারণা, শহরে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে কারা বা কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, 'ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'