মাদারীপুরের রাজৈরে ডাক্তার দেখাতে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও থ্রি হুইলার মাহিন্দ্রার সংঘর্ষে রাফিয়া আক্তার নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা-বোনসহ আরো অন্তত চার জন মাহিন্দ্রা যাত্রী।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া সদর উপজেলার ত্রিভাগদি গ্রামের মনির হাওলাদারের মেয়ে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, এদিন সকালে ডাক্তার দেখানোর জন্য মাদারীপুর থেকে মাহিন্দ্রা যোগে মা-বোনের সঙ্গে টেকেরহাট বন্দরে যাচ্ছিল রাফিয়া। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা বরিশালগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এ সময় গুরুতর আহত অবস্থায় রাফিয়া উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের মা সানজিদা বেগম ও ছোট বোন তাবাসসুম আক্তারসহ আরো চার জন মাহিন্দ্রা যাত্রী। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
মস্তফাপুর হাইওয়ে থানার এসআই আনোয়ার জানান, খান পরিবহনের যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। মরদেহটি হাসপাতাল থেকে নিয়ে গেছেন স্বজনরা। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

