পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত সরদার মান্নু হাওলাদার (৫৪)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলার শিবচর থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৮-এর সিপিএসসি ও সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মান্নু হাওলাদার মাদারীপুর জেলার শিবচর থানার পাঁচচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি এলাকার গণি হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ভোররাত ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে পিরোজপুর সদর থানার ১ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণকাঠী এলাকায় একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল ভিকটিম এমরান শেখ (৩০)-এর বাড়ির কেচি গেট ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৪ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে আন্তঃজেলা ডাকাত সরদার হিসেবে সন্দেহভাজন মান্নু হাওলাদারকে গ্রেপ্তারের জন্য পিরোজপুর সদর থানা পুলিশ র‍্যাব-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠায়।

এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮ গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে সোমবার সকালে শিবচর এলাকায় অভিযান চালিয়ে মান্নু হাওলাদারকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: টাইমস অফ বরিশাল