বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বোরকা পরে আসা একদল লোক এক কৃষককে কুপিয়ে হত্যার পর সড়কের পাশে ডোবায় ফেলে গেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার বিকালে উপজেলার ভাষানচর ইউপির গাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে কাজীরহাট থানার ওসি সিদ্দিকুর রহমান জানিয়েছেন।
নিহত কবির হোসেন বেপারী (৫৫) মুলাদী উপজেলার দক্ষিণ বাহাদুরপুর গ্রামের বাসিন্দা হাসেম বেপারীর ছেলে।
ওসি সিদ্দিকুর রহমান বলেন, কবির অটোরিকশায় করে পাশের গাজীরহাটের উদ্দেশে রওনা দেন। পথে পাঁচ থেকে ছয়জন বোরকা পরা লোক তাকে অটোরিকশা থেকে টেনে হেঁচড়ে বের মারধর শুরু করেন। এক পর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়।
এতে কবিরের মাথা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেন।
মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়ন পরিষদের সদস্য আবু হানিফ সরদার বলেন, পূর্ববিরোধের জেরে বোরকা পরে একদল লোক কবিরের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। হামলার পর ঘটনাস্থলে বোরকা ফেলে রেখে যায় তারা।
দক্ষিণ বাহাদুরপুর গ্রামের বাসিন্দা কবিরের চাচাতো ভাই শহীদ বেপারী বলেন, ২০০৫ সালে একই এলাকার শাহাবুদ্দিন বেপারীকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনায় শাহাবুদ্দিনের স্বজনরা কবিরকে আসামি করে মামলা করেন। ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে কবিরকে হত্যা করা হয়ে থাকতে পারে।
ওসি সিদ্দিকুর রহমান বলেন, “নিহত ব্যক্তি পাশের উপজেলার বাসিন্দা। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”
মুলাদী থানার ওসি কে এম সোহেল রানা বলেন, নিহত ব্যক্তি মুলাদী উপজেলার হলেও ঘটনাস্থল কাজিরহাট থানায়। বিষয়টি তারা তদন্ত করছেন।

