বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আমন্ত্রণে বরিশালের গৌরনদী উপজেলার সরিকলস্থ বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন।
কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে এ মধ্যাহ্নভোজ পরিণত হয় বরিশালের মাটি, মানুষ ও দেশীয় ঐতিহ্যের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এক আন্তরিক পরিচয়ের পর্বে।
মধ্যাহ্নভোজের আগে তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
দুপুরের আয়োজনে অতিথিকে স্বাগত জানানো হয় বরিশালের নিজস্ব স্বাদ ও দেশীয় খাবারের বৈচিত্র্য দিয়ে। নদীমাতৃক বরিশালের ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ ইলিশসহ নানা ধরনের মাছের পদ, বিভিন্ন রকম ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার চিরচেনা দেশীয় খাবার পরিবেশন করা হয়।
খাবারের টেবিলে ছিল বরিশালের নদী-জলের সঙ্গে মিশে থাকা ইলিশ, আইড়সহ বিভিন্ন ধরনের মাছের পদ। পাশাপাশি ছিল বাঙালির চিরন্তন ভর্তা-ভাজির নানা আয়োজন। বৈচিত্র্যময় এই খাবারের মধ্য দিয়ে বিদেশি অতিথির সামনে বাংলাদেশের ঐতিহ্যবাহী অতিথিপরায়ণতা ও আঞ্চলিক খাদ্যসংস্কৃতির একটি স্বতন্ত্র রূপ তুলে ধরা হয়।
মধ্যাহ্নভোজের শেষ পর্বেও ছিল স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া। মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধিসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি।
বরিশালের মানুষের আতিথেয়তার উষ্ণতা, স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী মিষ্টান্নের স্বাদ—সব মিলিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরের দ্বিতীয় দিনের এই মধ্যাহ্নভোজ হয়ে ওঠে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতা।

