ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের সুবিধা ও অবকাঠামো উন্নয়নের দিকে বেশ নজর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরে বিপিএলের আদলে ছয় দলের টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিবি। সেই টুর্নামেন্টের একটি ভেন্যু হিসেবে বরিশাল প্রস্তুত রয়েছে জানালেন বিসিবি পরিচালক মিজানুর রহমান।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে শুক্রবার মিজান বলেন, ‘না, দেখেন, আমরা কিন্তু আল্লাহর রহমতে ইনডোর চালু করে দিয়েছি। তারপরে আমাদের স্টেডিয়ামটা অত্যন্ত সুন্দরভাবে প্রস্তুত হচ্ছে। আমি প্রায় সবকিছুই দেখভাল করছি। প্রতিদিন আমাকে রিপোর্ট পাঠানো হচ্ছে—আজকের কী কাজ হয়েছে, কতটুকু সরঞ্জাম আছে। এরপর আমার মনে হয়, আমাদের পরবর্তী যে টুর্নামেন্টটা হবে, টি-টোয়েন্টিটা বরিশাল এবং ঢাকায় হবে। ছয়টা দলের যে আয়োজন হবে।’
বরিশালে দর্শকদের উপস্থিতি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মিজান। আগেভাগে টিকিট কিনে রাখার বিশেষ অনুরোধ তার, ‘সুতরাং বরিশাল খুব ভালো একটি ভেন্যু হবে, আমি আপনাদের বলছি। এবং দর্শক হবে অসাধারণ। আমি দর্শকদের আগেই বলে রাখছি, যখনই দেখবেন টিকিট বিক্রি হচ্ছে, আগে টিকিট কিনে রাখবেন। তা না হলে আপনারা টিকিট পাবেন না। আপনাদের মনে আছে, যখন আমরা ট্রফি নিয়ে গিয়েছিলাম এবং লাখ লাখ মানুষ সেখানে ছিল। সুতরাং বরিশালের সমর্থকেরা পাগলাটে, তাই না? সব আন্তর্জাতিক খেলোয়াড় সেখানে থাকবে। তাই আমার মনে হয়, সেখানে আমাদের জমজমাট একটি খেলা হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।’
ডিসেম্বরের মাঝামাঝি সময়ে টুর্নামেন্টটি আয়োজনের চেষ্টা চলছে জানিয়ে মিজান বলেন, ‘আমার ধারণা, ডিসেম্বরের ১০ তারিখ থেকে ১২ তারিখ আমরা চেষ্টা করছি করার জন্য। এবং বরিশাল খেলার জন্য প্রস্তুত। আর আমার ধারণা, মানসিকভাবেও বরিশালের লোকজন খেলাটি দেখার জন্য প্রস্তুত আছে। এবং আমার ধারণা, সেখানে থাকা একটি দারুণ অভিজ্ঞতা হবে। আপনারাও তো যাবেন ইনশাআল্লাহ, দেখবেন। এবং অবকাঠামোগত দিক থেকে এটি সত্যিই দিন দিন আরও ভালো হচ্ছে।’
বিপিএলের আদলে আয়োজিত হবে ছয় দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট, ‘এটা প্রায় বিপিএলের মতো, হ্যাঁ? টি-টোয়েন্টি, ফরম্যাট টি-টোয়েন্টি এবং ছয়টি দল—এটা প্রায় বিপিএলের মতো, হ্যাঁ? তাই এটা... মনে করবেন না যে এটা বিপিএল নয়। সুতরাং এটা নিশ্চিতভাবেই একটা মহড়া। কিন্তু আমি মনে করছি, খুব শিগগিরই বা পরবর্তীতে বরিশাল খেলোয়াড়দের প্রথম পছন্দ হবে। হয়তো তাসকিন বলবে, আমি বরিশালের মাঠে খেলতে চাই, হ্যাঁ? হয়তো অন্য খেলোয়াড়রাও এভাবে বলবে। সুতরাং আমরা সত্যিই মাঠগুলোকে সুন্দর করে তুলছি।’

